
নিউজ ডেস্কঃ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার ও শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং শনিবার জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আগামী শুক্রবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় করবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। এদিকে ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগরের নেতৃবৃন্দদের নিয়ে জরুরি সভা করেছে জাতীয়তাবাদী যুবদল। দুপুরে নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সূত্রে জানা গেছে, সভায় বেগম খালেদা জিয়া ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।