News71.com
 Bangladesh
 06 May 24, 10:26 PM
 134           
 0
 06 May 24, 10:26 PM

খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার॥

খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার॥


নিউজ ডেস্কঃ চলতি এবং আগামী অর্থবছর ১০ লাখ করে ২০ লাখ টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইরান ও ইসরাইলের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে গম আমদানির জন্য রাশিয়ার সঙ্গে সরকার টু সরকার (জিটুজি) চুক্তি হয়েছে। চলতি অর্থবছর যে ১০ লাখ টন গম আমদানি করা হচ্ছে তার মধ্যে পাঁচ লাখ ৫৬ হাজার টন গম ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। এক লাখ ২০ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। বাকি তিন লাখ ২৪ হাজার টন আমদানি প্রক্রিয়াধীন আছে।

চলতি অর্থবছর কেনা ১০ লাখ টন গমের মধ্যে রাশিয়া থেকে আসছে সাড়ে আট লাখ টন। এর মধ্যে ছয় লাখ টন জিটুজির মাধ্যমে এবং আড়াই লাখ টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ক্রয় করা হচ্ছে। এছাড়া বুলগেরিয়া, ইউক্রেন ও উরুগুয়ে থেকে ৫০ হাজার টন করে মোট দেড় লাখ টন গম আমদানির চুক্তি করেছে সরকার। এছাড়া আগামী অর্থবছর আরও ১০ লাখ টন গম কেনার পরিকল্পনা করা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়। সংশ্লিষ্টরা আরও জানান, ২১ এপ্রিল অনুষ্ঠিত পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর সরকারিভাবে ছয় লাখ ৮৬ টন গম আমদানি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন