
নিউজ ডেস্কঃ দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা জোরদার করা তাঁর এ সফরের লক্ষ্য। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অ্যান-মেরি ট্রেভেলিয়ানের সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে অভিবাসন, অর্থনৈতিক সংস্কার ও নিরাপত্তার মতো খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়বে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় আলোচনায় যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসন খাতে সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়ে আলোচনার কথা রয়েছে।