
নিউজ ডেস্ক: ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বুধবার (৮ মে) স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে নির্বাচন হতে বাধা নেই। উল্লেখ, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু আবদুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি ওইদিনই শূন্য হয়। শূন্য হওয়া আসনে আগামী ৫ জুন ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।কিন্তু ওই নির্বাচনে ভোটগ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের এমপি পদের গেজেট স্থগিত চেয়ে ইলেকশন পিটিশন হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এই ইলেকশন পিটিশনের নিষ্পত্তির আগেই উপনির্বাচনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট আগামী রোববার থেকে ইলেকশন পিটিশনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। ইলেকশন পিটিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।