
নিউজ ডেস্ক: জালিয়াতির মাধ্যমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও এনআইডি সংশোধন করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রে নির্বাচন কমিশনের কর্মকর্তারাও জড়িত। চক্রের মূলহোতা ও নির্বাচন কমিশনের একজন ডাটা অপারেটরকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। গত বুধবার তাদেরকে পাবনা ও বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- চক্রের মূলহোতা লিটন মোল্লা (২৩) এবং নির্বাচন কমিশন অফিসের ডাটা অপারেটর মো. জামাল উদ্দিন (৩৮)। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।