
নিউজ ডেস্ক: আইএমএফের পরামর্শে ডলার বিনিময় হারের নতুন পদ্ধতি ‘ক্রলিং পেগ’ চালু হিতে বিপরীত হয়েছে। এর প্রভাবে খোলাবাজারে গতকাল বৃহস্পতিবার এক লাফে ৮ টাকা পর্যন্ত দর বেড়েছে ডলারের। মানি এক্সচেঞ্জ এবং এর সঙ্গে যুক্ত প্রতিনিধিদের মাধ্যমে প্রতি ডলার ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এর পরও অনেকে ডলার পাননি। খোলাবাজারের পাশাপাশি ব্যাংকে আমদানি-রপ্তানি, রেমিট্যান্স, আন্তঃব্যাংকসহ সব পর্যায়ে ডলারের দর বেড়েছে। গতকাল আমদানিতে ৪ টাকার বেশি বেড়ে দর ওঠে ১১৭ টাকা ৫০ পয়সা। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ডলারের দর বৃদ্ধি পণ্যমূল্যে বিরূপ প্রভাব ফেলবে এবং আরেক দফা জীবনযাত্রার ব্যয় বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত মানতে কেন্দ্রীয় ব্যাংক বুধবার প্রতি ডলারে ৭ টাকা বাড়িয়ে মধ্যবর্তী দর ১১৭ টাকা ঠিক করে। একই সঙ্গে ‘স্মার্ট’ ব্যবস্থা তুলে দিয়ে সুদহার বাজারের ওপর ছেড়ে দেয়। বাড়ানো হয় বাংলাদেশ ব্যাংক থেকে ধার দেওয়ার সুদহার বা নীতি সুদহার।