
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ দাবি করে যে, তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না। এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কারাবন্দী দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদল এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে বিচারব্যবস্থা। বিচারব্যবস্থাকে দলীয়করণের মধ্য দিয়ে এই সরকার টিকেই আছে শুধু মিথ্যা মামলা করে। আদালতকে তারা ব্যবহার করতে চায় তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে। এভাবেই তারা টিকে থাকতে চায়।