
নিউজ ডেস্ক: রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙন হঠাৎ করে তীব্র আকার ধারণ করেছে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তার তীরবর্তী গ্রামের বাসিন্দাদের। ইতোমধ্যে ভাঙনে কাউনিয়া বালাপাড়া ইউনিয়নের পাঞ্জনভাঙ্গা ও গদাই গ্রামের কয়েকটি বসতভিটা, চলাচলের রাস্তা, ফসলি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জানা গেছে, তিস্তার অসময়ের ভাঙনে উপজেলার পাঞ্চরভাঙ্গা, ঢুষমারা, আরাজী হরিশ্বর, চরগনাই তালুক শাহাবজ, নিজপাড়া, গ্রামের কয়েকশ পরিবার রয়েছে হুমকির মুখে রয়েছে। গত দুই সপ্তাহে তিস্তার গ্রাসে পাঞ্চরভাঙ্গা গ্রামের অন্তত অর্ধশত পরিবারের বসতভিটা ও কয়েকশ বিঘা ফসলি জমি, বাঁশঝাড়, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।