
নিউজ ডেস্কঃ চিকিৎসার জন্য ভারতে গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তার ফিরে আসার ব্যাপারে পরিবার ও দলীয় নেতা-কর্মীরা রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। তার খবর জানতে প্রতিদিনই দলীয় নেতাকর্মীরা কালীগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ভিড় করছেন। এদিকে তাকে খুঁজতে ভাতিজা সাইমন ইতোমধ্যে ভারতে গিয়েছেন। আর আনারের বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সোমবার (২০ মে) ভারতীয় দূতাবাসে তারা ভিসার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ১৬ মে সকালের দিকে এমপি আনারের অবস্থান ছিল বিহারের মোজাফ্ফরাবাদ। সেখান থেকে পিএস রউফ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনে কল করা হয়। তবে ওই ফোনকল প্রকৃতপক্ষে এমপি আনার করেছিলেন কি না তা নিয়ে নতুন করে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। অপরদিকে বাবার খোঁজ পেতে রবিবার (১৯ মে) মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যান।
এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বলেন, ভারতে যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। কিন্তু এমপি মহোদয়ের সম্পর্কে নতুন করে কোনো খবর পাওয়া যায়নি। এমপি মহোদয় চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান, এবারও গেছেন এবং তিনি ফিরে আসবেন বলে আমরা আশা করছি। কোথাও এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, ভারতে যাওয়ার পর এমপি মহোদয় নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। এটি অন্য দেশের ব্যাপার। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছে।