
নিউজ ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আগামী বৃহস্পতিবার (২৩ মে) রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিন নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।