News71.com
 Bangladesh
 23 May 24, 01:03 AM
 131           
 0
 23 May 24, 01:03 AM

কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বসছে কেন্দ্রীয় ১৪ দল॥

কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বসছে কেন্দ্রীয় ১৪ দল॥

 

 

 

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৪ দলের শরিকদের দূরত্ব বেড়েছিল।  দ্বাদশ সংসদ নির্বাচনে তা আরও প্রকট আকার ধারণ করে। বিশেষ করে কম আসনে ছাড়, সরকারে না রাখা, কর্মসূচি ও বৈঠক না হওয়াসহ নানা বিষয় নিয়ে ক্ষুব্ধ শরিক দলের অনেক নেতা। কেউ কেউ প্রকাশ্যে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন প্রেক্ষাপটে ১৪ দলের নেতাদের ডেকেছেন প্রধানমন্ত্রী। এ বৈঠকের মধ্য দিয়ে শরিক নেতাদের অভিমান এবং জোটে সৃষ্ট দূরত্ব কমার আশা করছেন সংশ্লিষ্টরা।

 

শরিক দলের নেতাদের সঙ্গে এ বৈঠকে সভাপতিত্ব করবেন ১৪ দলীয় জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন ১৪ দলের নেতারা। ওই বৈঠকে জোটবদ্ধ নির্বাচন এবং আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়। একাদশ সংসদ নির্বাচনে ১৬টি আসন ছাড়লেও এবার কমিয়ে মাত্র ছয়টি আসন ছাড়া হয় শরিকদের। এতে ক্ষুব্ধ হন জোটনেতারা। এছাড়া শরিকদের আপত্তি সত্ত্বেও ছেড়ে দেওয়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থীদের সরাতে কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ। ফলে ছয়টির মধ্যে মাত্র দুটি আসনে জেতেন শরিক দলের নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন