
নিউজ ডেস্কঃ কলকাতায় খুনের শিকার ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মৃতদেহ পাওয়া না গেলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ঝিনাইদহ-৪ আসনের তথ্য সরিয়ে ফেলা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে ওয়েবসাইটে ঢুকে দেখা গেছে, ঝিনাইদহে চারটি সংসদীয় আসন থাকলেও সেখানে তিনটি আসনের (ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ-৩) তথ্য রয়েছে। ঝিনাইদহ-৪ আসন এবং ওই আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের নাম দেখা যায়নি।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ মে রাতে খুন করা হয় আজীমকে। হত্যাকাণ্ডের খবর প্রকাশের দিনই (২২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তবে আনোয়ারুল আজীম আনারের সংসদীয় আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা আছে। কারণ, তাঁর মৃত্যুর সংবাদ আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ সচিবালয়কে এখনও কোনো পক্ষ জানায়নি। শুধু গণমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে কোনো আসন শূন্য ঘোষণা করার সুযোগ নেই বলে জানিয়েছেন সংসদের আইন শাখার কর্মকর্তারা।