
নিউজ ডেস্কঃ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত শিমুল ভূঁইয়ার সহযোগী ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সাইফুল আলমকে আটক করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে বোমার তৈরির ৯৬০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল আলম যশোরের অভয়নগর উপজেলার দামুখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি দত্তগাতি গ্রামের বাসিন্দা। সাইফুল আলম তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, আজ (মঙ্গলবার) রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বিস্ফোরক ও মোবাইলে ভারতীয় সিম উদ্ধার করা হয়।