
নিউজ ডেস্কঃ আপিল বিভাগের নির্দেশনার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের নিয়োগ ও পদায়ন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৩ মার্চ) মন্ত্রণালয় থেকে নির্বাচিত ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়ন করা বিষয়ে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত প্রার্থীগণ যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য কাগজপত্র জমা দিয়েছেন, তাদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে ৪ মার্চ। ১২ মার্চের মধ্যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। প্রার্থীদের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম জেলা পুলিশ সুপার (এসবি)/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে পাঠাতে হবে ১৩ মার্চের মধ্যে। পদায়ন আদেশ জারি করতে হবে ১৩ মার্চ। নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে, জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত বিদ্যালয়ে যোগদান না করলে কারণ ও মতামতসহ তালিকা অফিদদপ্তরে পাঠাতে হবে ২০ মার্চের মধ্যে। সোমবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সহকারী শিক্ষক পদে সাড়ে ৬ হাজার প্রার্থীর নিয়োগ বাতিল করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।