
নিউজ ডেস্কঃ রাজধানীর শাহজাদপুরে হোটেল ভবনে লাগা আগুনের ঘটনায় অতিরিক্ত ধোঁয়ার কারণে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে ফায়ার সার্ভিস। সোমবার (৩ মার্চ) আগুন নেভানোর পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন ফায়ার সার্ভিস ঢাকা জোনের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। তিনি বলেন, ভবনটিতে আগুন লাগার পর হোটেলে থাকা চারজন ভয়ে ওপরে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু ছাদে থাকা চিলেকোঠার দরজাটি বন্ধ ছিল। ফলে অতিরিক্ত ধোঁয়ায় তারা মারা যান।কাজী নজমুজ্জামান বলেন, আগুন লাগার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এখানে নিচতলায় হার্ডওয়্যারের দোকান, দ্বিতীয়তলায় বিউটি পার্লার, তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আবাসিক ভবন। দুই তলায় প্রচণ্ড আগুন ও ধোঁয়া ছিল। ঘটনাস্থলে মোট চারটি ইউনিট কাজ করে। প্রায় ৩০ মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।