
নিউজ ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে। নির্বাচন কমিশনের (ইসি) আচরণবিধিমালা অনুযায়ী, গত ২২ জানুয়ারি শুরু হওয়া এ প্রচারণা ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে শেষ করতে হবে। সে অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনের ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫’ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিধিমালার ৭ (ক) ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।
এ ছাড়া ৭(খ) ধারায় উল্লেখ করা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য— যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিধিমালার ৭(ঙ) ধারায় আরো বলা হয়েছে, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত অন্যান্য সব প্রচারসামগ্রী—যেমন ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন—অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে। ব্যানারের আয়তন সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিল এ-ফোর সাইজের মধ্যে এবং ফেস্টুনের আয়তন অনধিক ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।