
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।
মাহদী আমিন বলেন, ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে আরও গভীর হবে। কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ—সব ক্ষেত্রেই দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। চীন সফর শেষে শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরে তার সঙ্গে রয়েছেন ২৪ সদস্যের প্রতিনিধিদল।