
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত মামলায় গ্রেফতারকৃত সাত প্রকৌশলীকে ৭দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এ রিমান্ড মঞ্জুর করেন।
আজ সকালে তাদের সিএমএম আদালতে হাজির করে কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মাহবুব আলম তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) ছিদ্দিক, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন। কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করে ।
এদিকে আজ সকালে একই আদালতে আরো দুই আসামি আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন- ছিদ্দিকুর রহমান ও রোকনুজ্জামান।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিমান বন্দর থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করে। এ মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরী অবতরণ করে। সেখানে ত্রুটিমুক্ত করে চার ঘণ্টা পর বিমানটি বুদাপেস্টের উদ্দেশে রওয়ানা হয়।
ওই বিমানের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলা হওয়ার পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে বিমান মন্ত্রণালয় গত ২৮ নভেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে ।
ঘটনা তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আরও দুটি তদন্ত কমিটি গঠন করে। এই দুই কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করে। এ ঘটনায় দুই দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।