News71.com
 Bangladesh
 24 Dec 16, 06:20 PM
 316           
 0
 24 Dec 16, 06:20 PM

সুনামগঞ্জে উৎসবে হাজারো প্রাণের উচ্ছ্বাস

সুনামগঞ্জে উৎসবে হাজারো প্রাণের উচ্ছ্বাস

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: উৎসাহ উদ্দিপনায় বর্ণাঢ্য এবং বর্ণিল আয়োজনে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদ্যাপন ও হীরক জয়ন্তীর প্রথম দিন উদ্যাপিত হল। এই উৎসবকে ঘিরে হাজারো প্রাণের প্রাণবন্ত উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। প্রাক্তন ছাত্রীদের পদচারণায় মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন ছাত্রীরা যোগদেন এই মিলনমেলায়।শুক্রবার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণসহ আশেপাশের এলাকায় ছিল উৎসবের আমেজ।

সকাল থেকে হাজারো প্রাণ যেন এক লক্ষ্যে ছুটছিল বিদ্যালয়ের দিকে। উদ্দেশ্যÑ প্রাণের উৎসবে অংশগ্রহণ।ওইদিন সকাল ৮টায় বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্রীদের জমায়েত অনুষ্ঠিত হয়। এ সময় স্কুল ঘণ্টা বাজানোর সাথে সাথে প্রাক্তন ছাত্রীরা লাইন করে দাঁড়ান। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ শেষে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং হীরক জয়ন্তী পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে পায়রা মুক্তকরণ, ফেস্টুন উড়ানো, শোকপ্রস্তাব জ্ঞাপন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। পিটি শেষে রণ সংগীত গাওয়া হয়। পরে অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নাচেগানে মেতে উঠেন প্রাক্তন ছাত্রীরা।আনন্দ শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ৭৫ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী এমপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুনুর রশীদ, সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি। অনুষ্ঠানে ৭৫ বছর পূর্তির কেক কাটেন অতিথিবৃন্দ। এছাড়া ‘চন্দ্রালোকের বালিকারা’ নামে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বিদ্যালয়ের সাফল্য কামনার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, সকলের পরিশ্রমের ফলে আজকে বাংলাদেশ একটি আলোচিত রাষ্ট্র। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ ধ্বংসের সম্মুখীন হয়েছিল। সেখান থেকে উঠে এসে এখন বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি হয়েছে। এখন বাংলাদেশকে রোল মডেল রাষ্ট্র বলা হয়। অন্যান্য দেশ বাংলাদেশকে এখন অনুসরণ করছে। সুনামগঞ্জে শিক্ষার হার তুলনামূলক কম হওয়ায় তিনি নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান।প্রতিমন্ত্রী এমএ মান্নান জানান, সুনামগঞ্জ পৌর কলেজকে আধুনিকায়ন ও ৫তলা বিশিষ্ট ভবন করার জন্য আর্থিক বরাদ্দ দিয়েছে সরকার। তিনি বলেন, সরকারের পরিকল্পনা আছে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ও বিদ্যালয়টি জায়গা বাড়ানোর। যাতে করে শিক্ষার্থীরা পড়ালেখা ও খেলাধুলা করতে পারে। তিনি বলেন, হাওর জেলা সুনামগঞ্জে শিক্ষার হার বাড়ানোর জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ ও সৈয়দপুরে কলেজ তৈরির জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। তিনি আরো বলেন, শেখ হাসিনার মূল লক্ষ্য হলো বাংলাদেশে সাক্ষরতার হার বাড়ানো। তাই তিনি শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য গুরুত্ব দেন যাতে এইদেশের মানুষ সঠিক জ্ঞান অর্জন করে।প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য ১৩০ কোটি টাকা ব্যয়ে রাণীগঞ্জ সেতুর ভিত্তি স্থাপন করা হবে ১৪ জানুয়ারি এবং তা ২০১৯ সালের মধ্যে শেষ হবে। প্রতিমন্ত্রী এমএ মান্নান সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এমন আনন্দঘন বর্ণিল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী প্রাক্তন ছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানান। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক তাঁর প্রাণবন্ত বক্তব্যে উপস্থিত প্রাক্তন ছাত্রীদের মাতিয়ে রাখেন। তিনি এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে এমপি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী উপস্থিত প্রাক্তন ছাত্রীদের অভিনন্দন এবং উৎসব সফলে সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


প্রথমদিনের উৎসব আয়োজনের তৃতীয় অধিবেশনে ছিল স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যাচ অনুসারে প্রাক্তন ছাত্রীদের পারফরমেন্স অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রূপশ্রী রায়, জেলী দাস, অনন্যা অগ্নি মল্লিক, অন্তরা খাসনবীশ, সুমাইয়া সাবনাবি, পৃথা দেব, শ্রাবণী দাস দৃষ্টি, সঙ্গীতি চক্রবর্ত্তী, ফারহানা আঞ্জুম শেলী, অহনা দিশা, দেবশ্রী তালুকদার, রূপকথা, লুবাবা মাইশা কবির, অরুণিমা দাস, সংযুক্তা তালুকদার, মাজিসা আদ্রিনা, শুক্লা রায় চৌধুরী, প্রজ্ঞা চক্রবর্ত্তী, অভিনন্দা চৌধুরী, তুলিকা ঘোষ চৌধুরী। নৃত্যে অংশ নেন বেলা

চক্রবর্ত্তী, রূপালী দে, বীণা তালুকদার প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের থিম সং ‘ মোরা সতীশ চন্দ্রের বালিকারা’ সমবেত কণ্ঠে পরিবেশিত হয়। গানটির গীতিকার জেসমিন আরা বেগম এবং সুর করেছে দেবদাস চৌধুরী রঞ্জন। এছাড়া আরেকটি থিম সংও গাওয়া হয়। ‘জন্মভূমিতে মোরা কৃতার্থ’ থিম সংটি লিখেছেন শঙ্খমিনা ভট্টাচার্য্য রূপ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক তুলিকা ঘোষ চৌধুরী। নির্দেশনায় ছিলেন শুক্লা রায় চৌধুরী, লুবাবা মাই কবির তুলনা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শামছুল আবেদীন ও অনুরাধা দাস মুন্নী। সংগীতায়োজনে সহযোগিতায় ছিলেন দেবদাস চৌধুরী রঞ্জন। নৃত্য পরিচালনা ও কোরিওগ্রাফিতে ছিলেন তুলিকা ঘোষ চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন