News71.com
 Bangladesh
 04 Jan 17, 02:06 PM
 297           
 0
 04 Jan 17, 02:06 PM

আজ বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ।। শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়োজন

আজ বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ।। শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়োজন

সোহাগ সরকার : দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৮ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। প্রতিষ্ঠার পর থেকেই বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যে অনন্য ভূমিকা পালন করে গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে সামনে থেকে। একই সঙ্গে চরম আত্মত্যাগের মাধ্যমে মহান প্রতিটি আন্দোলনে বিজয় ছিনিয়ে এনেছে।

বায়ান্নর ভাষা আন্দোলনে ছাত্রলীগের নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে রক্তের বিনিময়ে বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠা হয়। পরে ৫৪’র সাধারণ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ পরিশ্রমে যুক্তফ্রন্ট্রের বিজয় লাভ, ৫৮’র আইয়ুব শাসনবিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলনে ছাত্রলীগ ছিল সামনের সারিতে। এরপর ৬৬’র ৬ দফা আন্দোলন নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারা দেশে ছড়িয়ে পড়ে ৬ দফার পক্ষে জনমত গঠনে ভূমিকা পালন করে। পরে ৬৯’র গণঅভ্যুত্থানে ছাত্রলীগের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা এবং বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করে আনে ছাত্রলীগ। ৭০’র ঐতিহাসিক নির্বাচনে যেমন ছাত্রলীগের ভূমিকা ছিল উল্লেখযোগ্য তেমনি একাত্তরের মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান ছিল অসামান্য। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সামরিক শাসকদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারেও ছাত্রলীগ নেতৃত্ব দেয় সামনে থেকে। ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছেন এবং এখনো দিচ্ছেন।

ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি উৎসবমুখর করতে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। আজ সকাল সাড়ে ৬টায় ধানমন্ডিস্থ ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয়েছে দিনের কর্মসূচি। পরে সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা হয় । পরে সকাল ১০টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে আঁকা হয়েছে ছাত্রলীগের গত সাত দশকের গৌরবোজ্জ্বল ইতিহাস- ‘চিত্রপটে বাংলাদেশ ছাত্রলীগ’।

এসব ছবিতে ছাত্রলীগের ইতিহাস এবং সমকালীন অর্জনগুলো তুলে ধরা হয়েছে। এছাডাও আগামীকাল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে হবে রক্তদান কর্মসূচি। ৬ই জানুয়ারি বিকালে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে শীতবস্ত্র বিতরণ ও পরে টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে ছাত্রলীগ। এছাড়া ৮ই জানুয়ারি সকাল ১০টায় কলাভবনের সামনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। ইতিমধ্যে ছাত্রলীগ ঘোষিত প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিটি কর্মসূচি ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীদের জাঁকজমকপূর্ণভাবে পালনের অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন