
নিউজ ডেস্কঃ গাইবান্ধায় ৪ পুলিশ হত্যার প্রায় ৪ বছর হতে চললেও মামলা নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এবং উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আজ বুধবার রংপুর বিভাগের ৫ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন, ২০১৩ সালের ঘটনা এখনো এই পর্যন্ত ? তাহলে আর দ্রুত বিচারের কী হচ্ছে !
বিচার শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে তো আমার একজন এমপিকে হত্যা করল। এরপরে আর কত ঘটনা ঘটবে কে জানে...। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় আজ বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ের বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সরাসরি কথা বলেন ।
দুপুর ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০মিনিট পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের একজন সুবিধাভোগী নারীর সঙ্গে কথা বলেন এবং তিনি তাদের সমস্যা সংকট সম্পর্কে অবহিত হন ।
এমপি লিটন হত্যা মামলার অগ্রগতি জানতে জেলার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানতে চান, পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে। জবাবে গাইবান্ধার এসপি আশরাফুল ইসলাম জানান, ৩১শে ডিসেম্বর অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করা হয়েছে ।
আমরা অত্যন্ত মর্মাহত। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আমরা দৃঢ় পদক্ষেপ নিয়েছি। এপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এখানে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ২০১৩ সালে এই সুন্দরগঞ্জসহ গাইবান্ধার বিভিন্ন এলাকায় যে ঘটনাগুলো ঘটেছিল এবং পুলিশ পিটিয়ে হত্যা করেছিল জামায়াত-বিএনপি। সে সময় ৪জন পুলিশকে হত্যা করে ।
পরবর্তীতে ২০১৪ ও ১৫ সালে আরো ২জন পুলিশকে হত্যা করে। সেই খুনিরা এ পর্যন্ত ধরা পড়েছে কিনা’গাইবান্ধার এসপি জবাবে বলেন, ‘২৩৫ জন আক্রমণ করে। ১৪৬ জনকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করেছি। বাকিরা পরবর্তীতে আইনের আওতায় আসে ।
এই মামলাটি তদন্ত করে ২০১৪ সালে চার্জশিট দেয়া হয়েছে। এটা দ্রুত বিচার ট্রাইবুনালে অপেক্ষায় আছে। আগামীকালই একটা ডেট আছে। প্রধানমন্ত্রী বলেন, ‘দ্রুত বিচার... ২০১৩ সাল থেকে আজকে ২০১৭, তাহলে দ্রুত বিচারের কী হল? এটাও আমাদের দেখতে হবে?’