
সনজিৎ সরকার উজ্জ্বল : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের সহধর্মিনী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পিত্তথলিতে পাথরের কারণে ৭ জানুয়ারি শনিবার অপারেশন করা হয়। তাঁদের একমাত্র সন্তান মইনুল হাসানও অকালে মৃত্যুবরণ করেছেন। আর সেলিম আল দীন পরলোকগমন করেছেন ১৪ জানুয়ারি ২০০৮ সালে।
বেগম মেহেরুন্নেসা পারুল মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার তাল্লুকনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা প্রফেসর মোকছেদ আলী খান টাঙ্গাইলের করটিয়ার সরকারি সাদাত কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করতেন এবং পরবর্তীতে ঐ কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। মা আনোয়ারা বেগম ছিলেন গৃহিণী। ৬ ভাইবোনের মধ্যে মেহেরুন্নেসা পারুল ছিলেন সবার বড়। নাট্যকার সেলিম আল দীন ও মেহেরুন্নেসা পারুল টাঙ্গাইল করটিয়া সরকারি সাদাত কলেজে একই সঙ্গে বাংলায় অনার্স করেন। তখন থেকেই তার সাথে পরিচয় এবং শেষে ১৯৭৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। পড়াশুনা শেষে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে বাংলায় অধ্যাপনা করতেন। চাকরি জীবন থেকে অবসর নেবার পর বিশ্ববিদ্যালয়ের বাসায় ছিলেন তিনি।
বেগমজাদী মেহেরুন নেসার মৃত্যুতে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ভসিি বলেন, তাঁর মৃত্যু প্রয়াত সেলিম আল দীনের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। সেলিম আল দীনের শিল্পচর্চা ও খ্যাতির প্রসারে তিনি নিরবে নিভৃতে প্রেরণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরহুমার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে। ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
আজ বাদ আছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবন সংলগ্ন মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন । এরপর অরুণাপল্লী হাউজিং সোসাইটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।