News71.com
 Bangladesh
 11 Jan 17, 11:27 PM
 295           
 0
 11 Jan 17, 11:27 PM

কুষ্টিয়ায় আওয়ামিলীগ কর্মীকে হত্যা : জাসদ নেতার বাড়িতে আগুন

কুষ্টিয়ায় আওয়ামিলীগ কর্মীকে হত্যা : জাসদ নেতার বাড়িতে আগুন

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাসদ নেতার বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে সম্প্রতি বিএনপি নেতা আওয়ামী লীগ যোগ দেওয়া লুৎফর রহমান সাবুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে বিকেলে চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে আগুন দেন আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমদ আলী জানান, গ্রাম্য ডাক্তার হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে আগুন দেন এবং ভাঙচুর করেন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিরপুর উপজেলা জাসদের কার্যালয় ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন। জেলা পুলিশ সুপার প্রলয় চিসিমও অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিষয়টি জানিয়েছেন।

জানা যায় , নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আলমডাঙ্গায় যাওয়ার পথে আমবাড়িয়া গোরস্থানের কাছে ওত পেতে থাকা দুর্বৃত্তরা লুৎফর রহমান সাবুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত লুৎফর রহমান সাবু গ্রাম্য চিকিৎসক ছিলেন। কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ব্যক্তিগত কোনো বিরোধের কারণে লুৎফর রহমানকে হত্যা করা হয়েছে বলে তাঁর ধারণা। হত্যার কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে আছে।

এ হত্যাকাণ্ডের পর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মিরপুর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আরেফিন বলেন, ‘উনি (লুৎফর রহমান সাবু) আমাদের নিবেদিত কর্মী ছিলেন। সম্প্রতি তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। আমরা নেতা হিসেবেই তাঁকে মনে করতাম। তাঁর হত্যার প্রতিবাদের মিছিল সমাবেশ করছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন