
নিউজ ডেস্কঃশরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে হোসেন খান (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষের সময় বোমা হামলায় তিনি নিহত হন বলে জাজিরা থানার পুলিশ জানিয়েছে। সংঘর্ষে আরও ছয় ব্যক্তি আহত হয়েছেন। আহত তিনজনকে ঢাকায় ও তিনজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই পক্ষের ৩০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। বোমা হামলায় নিহত হোসেন খান ওই ইউনিয়নের মীর আলী মাদবরকান্দি গ্রামের জলিল খানের ছেলে।
জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে বর্তমান চেয়ারম্যান সিরাজ সরদার ও সাবেক চেয়ারম্যান শফিজ উদ্দিন খলিফার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। গত রোববার স্থানীয় দূর্বাডাঙ্গা বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সিরাজ সরদারের সমর্থকেরা পরাজিত হন। গতকাল সোমবার রাতে সিরাজের সমর্থকেরা রঞ্চন ছৈয়ালকান্দি গ্রামে শফিজ উদ্দিনের সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেন। আজ মঙ্গলবার সকালে সিরাজ সরদারের সমর্থকেরা শফিজ উদ্দিনের সমর্থকদের ওপরে হামলা চালান। তাঁরা ওই গ্রামে বোমার বিস্ফোরণ ঘটাতে থাকেন। বোমার আঘাতে হোসেন খান আহত হন। তাঁকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সকাল সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হোসেন খান শফিজ উদ্দিনের সমর্থক। তিনি ঢাকায় ব্যবসা করেন। এক আত্মীয়র বিয়ে উপলক্ষে গতকাল গ্রামে আসেন। বিয়ের অনুষ্ঠান শেষে আগামীকাল বুধবার ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল।
সংঘর্ষের ঘটনায় আহত জাহাঙ্গির মাতবর, নুরু মিয়া খান ও ইলিয়াছ দড়িকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেকেন্দার ছৈয়াল, রজব আলী মাতবর ও নুর হোসেন খানকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহাবুবুল আরেফিন বলেন, মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তাঁর মাথায় বোমাজাতীয় বস্তুর আঘাত লেগেছে। আঘাতে তাঁর মাথার ডান পাশের একটি অংশ উড়ে গেছে। নিহত হোসেন খানের স্ত্রী মেরিনা আক্তার বলেন, ‘আমার স্বামী এলাকায় কোনো দলাদলির মধ্যে নেই। তিনি ঢাকায় ব্যবসা করতেন। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামে এসেছিলেন। সন্ত্রাসীরা কেন আমার স্বামীকে মেরে ফেলল? দেড় বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে এখন আমি কোথায় আশ্রয় নেব?’
ঘটনার পর থেকে সিরাজ সরদারকে এলাকায় দেখা যায়নি। মুঠোফোনে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। শফিজ উদ্দিন খলিফা বলেন, ‘সিরাজ সরদার সব সময় আমার সমর্থকদের ওপর হামলা চালান। ২০১৩ সালেও সে আমার একজন কর্মীকে হত্যা করেছেন।’ শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার তানভির আহম্মেদ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলায় পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই গ্রাম থেকে কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।