
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদ: ‘সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বড্ড লাফালাফি করছিলেন মোদি। আখনুরের সেনা শিবিরে হামলা চালিয়ে মুখের মতো জবাব দিয়েছে পাকিস্তানি মুজাহিদিনরা।’ মন্তব্য নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘লস্কর ই তৈবা’ প্রধান হাফিজ সইদের। বুধবার পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরবাদে একটি জনসভায় এমন মন্তব্য করেছে সে। ওই সভায় তার বক্তব্যের একটি রেকর্ডিং সামনে এসেছে। প্রায় দু’মিনিট লম্বা রেকর্ডিংটিতে সোমবার আখনুরে জিআরইএফ শিবিরে হামলা নিয়ে আলোচনা করেছে সে। বলেছে,‘বেশিদিন আগের কথা নয়। গত পরশুর কথা বলছি। জম্মুর আখনুরের সেনা শিবিরে ঢুকে হামলা চালিয়েছে চার যুবক। একটা–দু’টো নয়, ভারতীয় সেনার প্রায় দশটি শিবির নিশ্চিহ্ন করে দিয়েছে। শুধু তাই নয়, হামলা চালিয়ে নিরাপদে ফিরেও এসেছে তারা। গায়ে একটা আঁচড়ও পড়েনি। এটাই প্রকৃত সার্জিক্যাল স্ট্রাইক। হামলাকারীরা জঙ্গি সংগঠন ‘লস্কর ই তৈবা’র সদস্য কিনা তা খোলসা করেনি হাফিজ। তবে গত বছর সেপ্টেম্বর মাসে উরি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সেনা অভিযানের জবাবেই এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে সে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে জানিয়েছে, ‘সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রায়ই লম্বা–চওড়া কথা বলেন মোদি। নওয়াজ শরিফ তার উপযুক্ত জবাব দিতে না পারলেও, আমি করে দেখিয়েছি। ওপরওয়ালাকে ধন্যবাদ যে মোদি আমার কথাই শোনেন। অন্য কারও নয়।’ ভারতের সার্জিক্যাল সার্জিক্যাল স্ট্রাইকের দাবি খারিজ করেছে সে। তার দাবি, ‘মোদি ভুয়ো দাবি করছেন। এমনিতে মশালাদার ছবি তৈরিতে বেশ হাত যশ আছে ভারতের। তাই সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও দিব্যি ছবি পেড়ে ফেলেছে। সীমান্ত পেরিয়ে অধিকৃত কাশ্মীরে হেলিকপ্টারে করে সেনা পাঠিয়ে ৪০ লস্কর সদস্যকে খতম করে অক্ষত অবস্থায় ফিরে যাওয়ার ছবি। দুনিয়াকে বোকা বানাতে এমন গল্পের জুড়ি নেই। একেবারে কাঁচা কাজ। ছবি তৈরি করা আর বাস্তবে লড়াই করা, দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়। ভুয়ো দাবি করে মুজাহিদিনদেরই সুযোগ করে দেওয়া হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক আসলে কী, তা ভারত হাড়ে হাড়ে টের পাবে। দু’দিন আগে আখনুরেই তার প্রারম্ভ হয়েছে। জম্মুতে নাকি একটা মাছি গলারও উপায় নেই! তা সত্ত্বেও ৪ মুজাহিদিন দিব্যি ১০ সেনা শিবিরে ঢুকে ৩০ জনকে খতম করে ফিরে এল। সেনা শিবিরগুলিকে ভস্মীভূত করে ছেড়েছে তারা।’ সীমান্তে লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন এবং ভারতে নাশকতা চালানোয় উস্কানি দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত–পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে।
এছাডাও গত বছর ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরির সেনা ছাউনিতে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালালে ধৈর্য্যের বামধ ভাঙে ভারতের। সীমান্ত লাগোয়া জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিতে ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালায় ভারত। খতম করে ৪০ ‘লস্তর ই তৈবা’ জঙ্গিকে। গা বাঁচাতে প্রথম থেকেই সার্জিক্যাল স্ট্রাইকের তথ্য খারিজ করে এসেছে ইসলামাবাদ। তবে ঝামেলা এখানেই মেটেনি। দু’মাস গড়াতে না গড়াতেই, ফের নভেম্বর মাসে নাগরোটায় হামলা চালায় জঙ্গিরা। তাতে দুই আধিকারিক সহ ৭ সেনাকর্মীর মৃত্যু হয়। নতুন বছরের শুরুতেও উপত্যকায় অশান্তি জিইয়ে রেখেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। চলতি সপ্তাহের সোমবার নিয়ন্ত্রণ রেখা থেকে দু’কিলোমিটার দূরে আখনুরে সীমান্ত সংলগ্ন এলাকার রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার দেখভালকারী জিআরইএফ–এর শিবিরে হামলা চালানো হয়। তাতে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই হামলাকেই সার্জিক্যাল স্ট্রাইকের নাম দিয়েছে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ। ভারতের হাজার চেষ্টা সত্ত্বেও পাকিস্তানের সর্বত্র অবাধে ঘোরাফেরা তার।