News71.com
 Bangladesh
 17 Jan 17, 10:56 PM
 241           
 0
 17 Jan 17, 10:56 PM

বাবা-মায়ের হাতে শিশু হত্যা বেড়েছে ।। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

বাবা-মায়ের হাতে শিশু হত্যা বেড়েছে ।। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

নিউজ ডেস্কঃবাবা-মায়ের হাতে শিশু হত্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বেড়েছে শিশু হত্যার বিচারহীনতা ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা। এসব তথ্য উল্লেখ করে শিশু অধিকার পরিস্থিতি ২০১৬ সালের প্রতিবেদন উপস্থাপন করেছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০১৬ সালের সংবাদ পর্যালোচনা করে শিশু অধিকার পরিস্থিতিবিষয়ক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, ওই বছর বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় তিন হাজার ৫৮৯ জন শিশু। অপমৃত্যুর শিকার এক হাজার ৪৪১ জন শিশু।    

অনুষ্ঠানে ২০১৬ সালে শিশুদের সহিংসতার একটি তালিকা তুলে ধরে শিশু অধিকার ফোরাম। এতে দেখা যায়, গত বছর অপঘাতে ২০৫ শিশুর মৃত্যু হয়, যৌন নির্যাতনের শিকার হয় ৬৮৬ জন, অপহরণ, নিখোঁজ ও উদ্ধার ৪৪৫, নির্যাতন ও সহিংসতার শিকার ৩৯৮ ও অন্যান্যভাবে নির্যাতিত হয় ৪১৪ জন শিশু। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে শিশু হত্যা কিছুটা কমলেও আশঙ্কাজনক হারে বেড়েছে বাবা-মায়ের হাতে শিশু হত্যা।

সংবাদ সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘হত্যা, ধর্ষণ ও নির্যাতনসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে শিশুরা। শিশুদের নির্যাতন কিছুটা কমেছে। তবে বাবা-মায়ের হাতে শিশুমৃত্যুর হার বাড়ছে।’ এ সময় শিশু অধিকার ফোরামের চেয়ারম্যান এমরানুল হক বলেন, ‘শিশুর নির্মমতার ধরন, বাবা-মায়ের হাতে খুন হওয়া এই জায়গাগুলো বেড়েছে। এ জন্যই আমরা বলছি, পরিস্থিতি ভালো হয়েছে সার্বিকভাবে তা বলা ঠিক হবে না।’ এমরানুল হক আরো বলেন, ‘যদিও ৪৫ ভাগ শিশু ভোটার না, কিন্তু তারা এ দেশের নাগরিক। জনপ্রতিনিধিদের উচ্চারণে শিশু অধিকারের বিষয়টি আসতে হবে। কিন্তু শিশু অধিকারের বিষয়ে জনপ্রিতিনিধিরা কিছুই বলছেন না।’

এসব পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সুপারিশ তুলে ধরে শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুস সহিদ মাহমুদ বলেন, ‘হত্যা-ধর্ষণসহ সব ধরনের শিশু নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ও রায় দ্রুতগতিতে কার্যকর করা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শারীরিক শাস্তি বা নির্যাতন বন্ধে যে বিধান রয়েছে, তা কেন সঠিকভাবে কার্যকর হচ্ছে না তা যথাযথভাবে মনিটরিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা।’

এ সময় শিশু অধিকার কমিশন প্রতিষ্ঠার বিষয়েও জোর দেন শিশু অধিকার ফোরামের পরিচালক।

অনুষ্ঠানে বক্তারা আরো জানান, হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার রোধে জাতিসংঘ শিশু অধিকার সনদ এবং বাংলাদেশ সংবিধানে শিশুদের অধিকার রক্ষা করতে হবে। এসব বিষয়ে অভিভাবকসহ শহরের বাবা-মায়েদের সচেতন হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন