
নিউজ ডেস্কঃ সংসদের বাইরে থাকা বিএনপিসহ ৩১টি দলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ শেষ হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ বুধবার বলেন, রাষ্ট্রপতির আলোচনা শেষ। বিভিন্ন রাজনৈতিক দল যেসব মতামত ও প্রস্তাব দিয়েছে সেগুলো পর্যালোচনা করে মহামান্য রাষ্ট্রপতি পরবর্তী পদক্ষেপ নেবেন। কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৫ বছর মেয়াদী নতুন নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির ।
সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা আছে, প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক ৪জন নির্বাচন কমিশনারকে নিয়ে এই নির্বাচন কমিশন হবে। এ বিষয়ে প্রণীত আইনের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি কমিশন নিয়োগ দেবেন। কিন্তু সংবিধানের আলোকে ওই আইন সাড়ে ৪ দশকেও না হওয়ায় প্রতিবারই নির্বাচন কমিশন গঠনে জটিলতা দেখা দেয়। গতবার নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছিলেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে গঠিত ওই সার্চ কমিটি সিইসি পদের জন্য ২ জন এবং নির্বাচন কমিশনার পদে ৮ জনের নাম প্রস্তাব করে ।
সাবেক সচিব কাজী রকিবউদ্দীন আহমদকে প্রধান নির্বাচন কমিশনার এবং আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজকে কমিশনার হিসেবে নিয়োগ দেন জিল্লুর রহমান। ওই কমিশনের মেয়াদের শেষ পর্যায়ে এসে এবারও একইভাবে সংলাপের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে গত ১৮ই ডিসেম্বর এ আলোচনা শুরু হয়। এরপর গত এক মাসে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টিসহ মোট ৩১টি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বসেছেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন গঠনে এ সংসদেরই আইন প্রণয়ন, ইসি গঠনে সার্চ কমিটি এবং দলনিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে ইসি গঠনসহ বিভিন্ন পরামর্শ এসেছে দলগুলোর পক্ষ থেকে ।