News71.com
 Bangladesh
 19 Jan 17, 04:59 PM
 272           
 0
 19 Jan 17, 04:59 PM

দিরাইয়ের মেয়র, চেয়ারম্যানসহ ৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

দিরাইয়ের মেয়র, চেয়ারম্যানসহ ৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হওয়ার ঘটনায় ৩৯ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।আসামিদের মধ্যে রয়েছেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। আজ বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

গত মঙ্গলবার সকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের পাশের জারলিয়া জলমহালে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাতিয়া গ্রামের তাজুল ইসলাম (৩৩), আকিলপুর গ্রামের শাহারুল ইসলাম (২৮) ও উজ্জ্বল মিয়া (৩০) মারা যান। এতে আরো ২২ জন আহত হন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জারলিয়া জলমহালটি দিরাই উপজেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের পাশে অবস্থিত। ওই জলমহালের দখল নিয়ে পৌর মেয়র মোশাররফ মিয়া ও হাতিয়া গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেনের মধ্যে বিরোধ চলছিল। নিহত তিনজনই একরার হোসেনের লোক। জারলিয়া জলমহালটি প্রশাসনের কাছ থেকে নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নেওয়া। সমিতির নামে জলমহাল ইজারা হলেও সমিতির লোকজনের পেছনে মূল ব্যক্তি হিসেবে আছেন মোশাররফ মিয়া। মঙ্গলবার জলমহালের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত তাজুল ইসলাম দিরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এবং শাহারুল ইসলাম ও উজ্জ্বল মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এদিকে মামলার বাদী একরার হোসেন বলেন, ‘তিনজন নিহত হওয়ার ঘটনায় আমরা আজ সকালে দিরাই পৌরসভার মেয়র মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৩৯ জনকে আসামি করে দুপুরে দিরাই থানায় একটি মামলা দায়ের করি।’ একরার হোসেন জানান, তাঁকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে যাতে মামলা দায়ের করতে না পারেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল জানান, একরার হোসেন দুপুরে ৩৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। অপর পক্ষের ধনঞ্জয় ২৯ জনকে আসামি করে একটি লুটপাটের মামলা করেন। এদিকে ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জলমহালে পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন