
নিউজ ডেস্ক : হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোহিঙ্গা সন্দেহে ১৪ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে সাতজন নারীও আছেন। গতকাল বুধবার সকাল ৯টায় এয়ার এরাবিয়ার একটি বিমানে ‘ওমরা’ পালনের জন্য তারা সৌদিআরব রওনা হচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমাণ্ডার রিয়াজুল কবীর জানান, গতকাল বুধবার সকাল ৯টায় ইমিগ্রেশন এলাকা থেকে সৌদিআরবগামী ১৪ জন যাত্রী আটক করা হয়েছে। তারা অবৈধভাবে সৌদি আরব যাচ্ছিলেন। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ওমরাহ ভিসার মাধ্যমে রোহিঙ্গা পাচারের বিষয়টি সামনে আসায় আজ নড়ে চড়ে বসেছে সরকার। সরকারের সর্বোচচ পর্যায়ের সবুজ সংকেত নিয়ে আজকের মধ্যেই এই কাজে সংশ্লিষ্ট ৪ টি হজ্ব এজেন্সিকে সনাক্ত করে তাদের লাইসেন্স বাতিল করে সকল জামানত বাজেয়াপ্ত করেছে ধর্ম মন্ত্রনালয় ।
বিশেষ শাখার পুলিশ সুপার (এসপি-ইমিগ্রেশন) মো. শাহরিয়ার আলম জানান, সাতজন নারীসহ মোট ১৪জন ওমরাহ ভিসায় সৌদিআরব যাওয়ার চেষ্টা করেছিল। তবে নিয়ম অনুযায়ী প্রত্যেক নারীর সঙ্গে একজন নিকটাত্মীয় থাকার কথা থাকলেও যে সাতজন পুরুষ আটক হয়েছেন তারা কেউই ওই নারীদের নিকটাত্মীয় নন। আটককৃতদের কাছে বাংলাদেশি পাসপোর্ট ও ওমরাহ ভিসা ছিল। গতবছর ফেব্রুয়ারি মাসে বিমানবন্দরে ইমিগ্রেশন শাখায় কর্মরত সিএমপির কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে সিন্ডিকেট তৈরি করে ওমরা ভিসার নামে সৌদি আরবে রোহিঙ্গা পাচারের অভিযোগ উঠে। এ অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় সিএমপির সব সদস্যকে প্রত্যাহার করে শাহ আমানত বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় ঢাকার বিশেষ শাখা থেকে ৮৩ জনবল নিয়োগ দেয় সদর দপ্তর।
কর্মকর্তারা জানান, ইমিগ্রেশন শাখায় বদলি হয়ে কিছু পুলিশ সদস্য দায়িত্ব পালনের নামে যুক্ত হয়ে পড়েছিলেন রোহিঙ্গা পাচারসহ নানা অনিয়মে। সেসময় নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ইমিগ্রেশন) আরেফিন জুয়েল বলেছিলেন, ‘ইতিপূর্বে কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ওমরার নামে সৌদি আরবে রোহিঙ্গা পাচারের অভিযোগ উঠেছে। বিষয়টির তদন্তও চলছে।’ সূত্র জানায়, অন্তত এক লাখ রোহিঙ্গা ওমরা ভিসায় সৌদি আরব গিয়ে আর ফিরেনি। এসব রোহিঙ্গা সেখানে গিয়ে বাংলাদেশি পরিচয়ে বসবাস করছে। নানা অপরাধে জড়িয়ে পড়ায় ক্ষুণ্ন হচ্ছে বাংলাদেশিদের সুনাম।
গত বছর ২০ জুন শাহ আমানত বিমানবন্দর থেকে চার দালাল আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় সাত যুবককে গ্রিস পাচারকালে উদ্ধার করা হয়। অভিযোগ, সাত যুবককে গ্রিস পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে তাদের দণ্ড দেয়া হয়। তারা জাল ভিসা ও পাসপোর্ট তৈরি করে রোহিঙ্গাসহ বাংলাদেশিদের বিদেশে পাচারকাজে যুক্ত ছিলেন। গতবছর ১৩ অক্টোবর শাহ আমানত বিমানবন্দর থেকে লিবিয়া পাচারকালে ৩৯ জনকে উদ্ধার করে র্যা ব-৭। এসময় তাদের কাছ থেকে ২০টি পাসপোর্ট, ভুয়া ভিসার কাগজপত্র, দালালদের ছবি এবং লাইফ জ্যাকেট জব্দ করা হয়।