
নিউজ ডেস্কঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজাকার আবদুস সামাদ ওরফে ফিরোজ খাঁ ওরফে আবু মুসাকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে মুসাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মুসার হাতে নিহত পুঠিয়া উপজেলার পশ্চিমভাগ গ্রামের শহীদ আবদুস সামাদের স্ত্রী রাফিয়া বেগমের দাখিল করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৯ জানুয়ারি থেকে সরেজমিনে পুঠিয়ার বাঁশবাড়িয়া, পশ্চিমভাগ ও গোটিয়া গ্রামে আদিবাসী ও বাঙালিদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর ঘটনার তদন্ত করা হয়। এ সময় সাক্ষ্য দেন মুসার হাতে নিহত বাঙালি ও আদিবাসীদের স্বজনরা।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রাতে মুসাকে জঙ্গি সন্দেহে আটক করা হয়। আজ সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুদ্ধাপরাধ মামলায় তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি জানান, পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রামের মুসার বিরুদ্ধে যুদ্ধাপরাধের গুরুতর অভিযোগ আছে। সম্প্রতি দুই দফা মুসার যুদ্ধাপরাধের সরেজমিন তদন্ত করেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা। পুঠিয়ার বাঁশবাড়িয়া, পশ্চিমভাগ ও গোটিয়া গ্রামে আদিবাসী ও বাঙালিদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় তাঁর বিরুদ্ধে এ তদন্ত করে সংস্থাটি। মুসার হাতে নিহত পশ্চিমভাগ গ্রামের শহীদ আবদুস সামাদের স্ত্রী রাফিয়া বেগমের দাখিলকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত হয়।
সর্বশেষ ৯ জানুয়ারি এলাকায় ঘুরে ঘুরে তদন্ত করেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা। তদন্ত দলের কর্মকর্তা ও আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের পরিদর্শক ফারুক হোসেন ওই সময় জানিয়েছিলেন, গত বছরের ২৭ জুলাই রাজশাহীর সার্কিট হাউসে মুসার অপরাধের সাক্ষ্য গ্রহণ করা হয়। তারপর ঘটনাস্থল ঘুরে তদন্ত করা হয়।
৯ জানুয়ারি পুঠিয়ার বাঁশবাড়িয়া, পশ্চিমভাগ, আটভাগ, ধোকরাকুল ও গোটিয়া গ্রামে পরিদর্শন করে সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য দিয়েছিলেন মুসার হাতে নিহত বাঙালি ও আদিবাসীদের স্বজনরা। তদন্ত দলের সহকারী তদন্ত কর্মকর্তা নাজমুল হোসেন ওই সময় বলেছিলেন, স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলোর কাছে একাত্তরের ঘটনার বিবরণ শুনে তাঁরা নিশ্চিত হয়েছেন, মুসা একজন যুদ্ধাপরাধী এবং মানুষ হত্যাকারী। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গঠন প্রয়োজন।
স্থানীয় প্রবীণ এলাকাবাসীর বর্ণনা ও অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে বাঁশবাড়িয়া গ্রামের আদিবাসীদের সঙ্গে জমি বিনিময় করে ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানার ইসলামপুর গ্রামের আব্বাস আলীর ছেলে মুসা তাঁর কাছে আত্মীয়দের নিয়ে পুঠিয়ায় এসে বসবাস শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুসার বয়স ছিল ২০ থেকে ২২ বছর। ওই বয়সেই মুসা পাকিস্তানের পক্ষে এলাকার যুবকদের নিয়ে একটি দল গঠন করেছিলেন। তাঁর নেতৃত্বে এ দল এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালায়।
একাত্তরের ১২ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী পুঠিয়া আক্রমণ করে মানুষ হত্যা ও অগ্নিসংযোগ শুরু করলে মুসা হানাদার বাহিনীর সঙ্গে যোগ দেন। তিনি ১৯ এপ্রিল ৩০-৪০ হানাদার বাহিনীর সদস্যকে নিয়ে যান বাঁশবাড়িয়া গ্রামে। সেখান থেকে তারা ২১ জনকে আটক করে। তাদের নিয়ে রাখা হয় গোটিয়া গ্রামের স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের বাড়িতে। সেখানে দিনভর নির্যাতন করে ১৭ জনকে ছেড়ে দেওয়া হয়। আর চারজনকে হত্যা করা হয়। আটকদের মধ্যে একজন ছিলেন অষ্টম শ্রেণির ছাত্র নূরুল ইসলাম। বর্তমানে তিনি বাঁশবাড়িয়া বাজারে পল্লী চিকিৎসক হিসেবে ওষুধ বিক্রি করেন।
নূরুল ইসলাম জানান, তাঁর সঙ্গে বাবা ইসমাইল হোসেন, বড় ভাই আকরাম আলীকেও আটক করা হয়েছিল। সারা দিন নির্যাতন করে রাত ১০টায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। সেখানে গুলি করে হত্যা করা হয় চারজনকে।
রাফিয়া বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ও নূরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপুরের মফিজ উদ্দিন, পুঠিয়ার গোটিয়া গ্রামের দুই ভাই জাফর আলী ও আদম আলী এবং শুকদেবপুরের মেরা হাজির ছেলে সিরাজ উদ্দিনকে মুসা চোখ বেঁধে লাইনে দাঁড় করিয়ে দেন। পরে হানাদার বাহিনীকে জানান, এরা পাকিস্তানের শত্রু মুক্তিযোদ্ধা। তখন তাঁর নির্দেশে তাঁদের গুলি করা হয়। এরপর তাঁরা মাটিতে পড়ে ছটফট করতে থাকলে মুসা তাঁদের হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করেন। এরপর মুসার নির্দেশে পশ্চিমভাগ মাদ্রাসার সামনে গুলি করে হত্যা করা হয় আক্কেল আলীর ছেলে আবদুস সাত্তারকে। মুসা পশ্চিমভাগ সাঁওতালপাড়ার আদিবাসী লাডে হেমব্রমের বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ করে লুটপাট করেন। মুসা নিজেই তরবারি দিয়ে হেমব্রমকে হত্যা করে।
এরপর হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে মুসা হত্যা করেন মংলা সরেনের ছেলে জটু সরেন ও মুন্সি মার্ডির ছেলে টুনু মার্ডিকে। এরপর পুঠিয়া-তাহেরপুর সড়কে এসে মুক্তিযোদ্ধা বহনের অভিযোগ এনে হত্যা করা হয় ধোকড়াকুল গ্রামের টমটম চালক রহমত শাহকে। এরপর হানাদার বাহিনী তাহেরপুরে চলে গেলে মুসা বাঁশবাড়িয়া এলাকায় অবস্থান নেন।
নিহত বাঙালি ও আদিবাসীদের দেখতে এলে মুসা নিজের তরবারি দিয়ে বাঁশবাড়ী পশ্চিমভাগ গ্রামের ইসমাইল সরকার, বদিউজ্জামান, ঝড়ু ওরফে কালাকে হত্যা করে। মুসার হাতে নিহত আনেস সরকার বাবার জন্য কাফনের কাপড় আনতে গেলে মুসা তাঁকেও রাস্তার ওপর তরবারি দিয়ে হত্যা করেন।
এসব ঘটনার পর দেশ স্বাধীন হলে মুসা রাজাকার পরিবার ও সহযোগীদের নিয়ে ভারতে চলে যায়। তার এই বাঙালি ও আদিবাসী নিধনে পাকিস্তান আর্মির সঙ্গে সহযোগী ছিল বর্তমানে ভারতের মুর্শিদাবাদ প্রবাসী আবদুল খালেক, আবদুল হামেদ, সাদ আক্কাস, দেল মোহাম্মদ, সলেমান খলিফা ও দেদার আলী। বাঁশবাড়িয়া আদিবাসী পল্লীর বধূরাই সাধু মার্ডি বলেন, ‘একাত্তর সালে আমি ষষ্ঠ শ্রেণিতে পড়তাম। মুসার নেতৃত্বে আমার চোখের সামনে আমার দাদা টুনু মার্ডি, নানা জটু সরেন, মামা কানু হাজদা ও প্রতিবেশী দাদা লাডে হাজদাকে হত্যা করা হয়। মুসা তলোয়ার দিয়ে তাঁদের হত্যা করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।’
পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জিল্লুর রহমান বলেন, ‘একাত্তর সালে আমার বয়স ছিল ১১ বছর। আদিবাসী পল্লীর পাশেই আমাদের জমিতে শ্রমিকের জন্য খাবার নিয়ে আসি। তখন দেখতে পাই, মুসা রাজাকার তলোয়ার নিয়ে দৌড়ে এসে চান্দু সরেন নামের একজনকে জবাই করে হত্যা করছে। তার পরে শুনতে পেয়েছি, সে অনেক গ্রামে আগুন দিয়েছে। অনেককে হত্যা করেছে।’ একাত্তর সালে বাঙালি ও আদিবাসী হত্যা ও লুটপাটের পর দেশ স্বাধীন হলে মুসা রাজাকার ভারতে পালিয়ে যান। এরপর ১৯৭৫ সালে গোপনে দেশে ফিরে আদিবাসী পল্লীর ১৫২ বিঘা জমি দখলের চেষ্টায় অপতৎপরতা শুরু করেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছে তাঁর হাতে নিহত ও নির্যাতিতদের পরিবারের সদস্যসহ এলাকার সর্বস্তরের মানুষ।