
নিউজ ডেস্কঃ ১০ বছর ধরে ফাইলবন্দী হয়ে আছে পুলিশ সংস্কার প্রস্তাব। অথচ বাহিনীর প্রধান থেকে শুরু করে সবাই বলছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পুলিশের সংস্কারের কোনো বিকল্প নেই। সংস্কার হলে বাহিনীটির উপর রাজনৈতিক প্রভাব কমবে অনেকটাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ক্রমান্বয়ে পুলিশের আধুনিকায়নের কাজ এগিয়ে চলেছে। স্বাধীন বাংলাদেশে প্রথম পুলিশ সপ্তাহ হয় ১৯৭৫'র জানুয়ারিতে। যাতে অংশ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দমনমূলক মানসিকতা ত্যাগ করে সেবার মনোভাব নিয়ে মানুষের কল্যাণে পুলিশকে কাজ করার তাগিদ দিয়েছিলেন বঙ্গবন্ধু।
এরপর কেটেছে চার দশকের বেশি সময়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার অন্যতম প্রধান দায়িত্বপ্রাপ্ত বাহিনী পুলিশ। ১৮৬১ সালের 'পুলিশ রেগুলেশন অব বেঙ্গল'- পিআরবিকে ভিত্তি করেই চলছে এই বাহিনী। যদিও পুলিশের সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে বারবারই। সবশেষ ২০০৭ সালে সংস্কারের একটি উদ্যোগ নেয়া হলেও তা আলোর মুখ দেখেনি এখনো। প্রস্তাবিত সেই খসড়ায় বলা হয়েছিলো, মহাপরিদর্শক থেকে শুরু করে পুলিশ সুপার পর্যন্ত কাউকেই পদায়নের দুই বছর পূর্ণ না হওয়া পর্যন্ত রাজনৈতিক চাপে বদলি করা যাবে না।পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মন্ত্রী এমপি বা কোনো প্রভাবশালী ব্যক্তির টেলিফোন কিংবা লিখিত বা মৌখিক সুপারিশ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।
জাতীয় পুলিশ কমিশন গঠন করে তার মাধ্যমে পুলিশ প্রধান নিয়োগ দিতে হবে। পুলিশ প্রধানের সুপারিশে সরকার জেলা পুলিশ প্রধান নিয়োগ করবে।
বিশ্লেষকরা বলছেন, ২০০৭'র সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে একদিকে পুলিশের জবাবদিহিতা বাড়বে অপরদিকে পুলিশের উপর রাজনৈতিক প্রভাব কমবে অনেকটাই। অপরাধ বিজ্ঞানী শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, 'যারা রাষ্ট্রের নীতিগুলো নির্ধারণ করছেন তাদের বোঝা এবং বুঝে নতুন আইন করে পুলিশ সিস্টেম প্রবর্তন করা যাতে করে জনগণকে সেবা দেয়া যায়।'
পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক বলছেন, সংস্কারের তাগিদ অনুভব করছেন তারাও। আর সে লক্ষ্যেই সম্মিলিতভাবেই দেয়া হয়েছিলো প্রস্তাবনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ২০০৭'র সংস্কার প্রস্তাব বিবেচনায় নিয়ে কাজ করছেন তারা। নানা সীমাবদ্ধতার মাঝেও পুলিশ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।