
নিউজ ডেস্কঃ রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনে সংস্কারের কাজ করছিলেন বাদল মিয়া (৫২)। হঠাৎ তার নজরে এলো— এক নারী তার শিশুসন্তানকে নিয়ে আনমনে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছেন। আর ওই লাইনেই ছুটে আসছে কমলাপুরগামী একটি ট্রেন ।বাদল মুহূর্তে দৌড়ে গিয়ে মা-মেয়েকে রেললাইন থেকে সরিয়ে দিয়ে বাঁচালেন তাদের প্রাণ। কিন্তু তিনি নিজেই আর সরে যাওয়ার সময় পেলেন না। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মর্মন্তুদ এ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে। ঢাকা রেলপথ থানার ওসি ইয়াসিন ফারুক জানান, মা-শিশুকে বাঁচাতে গিয়ে রেলকর্মীর মৃত্যুর খবর পেয়ে সেখানে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে ।
নিহত রেলকর্মীর ভাই আবুল হোসেন জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগে মিস্ত্রি হিসেবে কাজ করতেন তার ভাই। তিনি (বাদল) স্ত্রী আয়েশা ও ৫ ছেলেকে নিয়ে কাওলা রেলগেট এলাকার বাসায় থাকতেন। তার তিন মেয়েও আছেন, যাদের বিয়ে হয়েছে। আবুল হোসেন জানান, দুপুর পৌনে ১টার দিকে সহকর্মীদের সঙ্গে কুড়িল বিশ্বরোডে রেললাইনে কাজ করছিলেন বাদল। এ সময় এক নারী ও তার মেয়েকে বাঁচাতে গিয়ে তিনি 'সুরমা মেইল' নামে সিলেট থেকে আসা একটি ট্রেনে কাটা পড়েন। তার মাথা থেঁতলে ও হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। বাদলের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তার বাবা প্রয়াত হাতেম আলী মণ্ডল ।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা ঢামেক হাসপাতালে জানান, দুর্ঘটনার পর তারা বাদল মিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় বেঁচে যাওয়া মা-শিশু কাউকে কিছু না জানিয়ে চলে যান। ওই নারীর আনুমানিক বয়স ৩০ বছর ও শিশুটির বয়স ৫ বছর। নিহতের পারিবারিক সূত্র জানায়, ময়নাতদন্ত শেষে বাদল মিয়ার মরদেহ কমলাপুর রেলস্টেশনে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে রাতেই তার লাশ দাফন করার কথা ।