
নিউজ ডেস্কঃ দুর্বৃত্তদের দেয়া আগুনে গাইবান্ধার সদর উপজেলার ব্রহ্মপুত্র তীরবর্তী চরাঞ্চল কুন্দেরপাড়ায় স্থাপিত হাই স্কুল 'গণ উন্নয়ন একাডেমী'। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে আসবাবপত্র ,শিক্ষা সরঞ্জাম, শিক্ষার্থীদের সার্টিফিকেট, বই পত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার সম্পদ। গণ উন্নয়ন একাডেমীর প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, বেসরকারী উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের অর্থায়নে ২০০৩ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। বর্তমানে এখানে ৫৯৭ জন শিক্ষার্থী রয়েছে । এদিকে চক এলাকার একমাত্র মাধ্যমিক স্তরের স্কুলটি পুড়ে যাওয়ায় ছাত্র-শিক্ষক ও অভিভাবকসহ সকলের মধ্যে কান্নার রোল পড়েছে। তারা এলাকার ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ভবিষ্যত নিয়ে শঙ্কিত।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে হঠাৎ করে বিদ্যালয় ভবনে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে সে আগুন গোটা বিদ্যালয় ভবনে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। আগুনে অফিস কক্ষসহ ৭টি ঘর, আসবাবপত্র , শিক্ষা সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া অফিস কক্ষের আলমারীতে রাখা শিক্ষার্থীদের ১২ বছরের কয়েক হাজার স্কুল সার্টিফিকেটও পুড়ে গেছে । তিনি অভিযোগ করেন, স্থানীয় কিছু লোক সম্প্রতি স্কুলের কার্যক্রমে নানাভাবে বাধা দিয়ে আসছিলো। তারা আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা করছিলো। স্থানীয়রা জানায়, কিছুদিন আগে থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই একটি চক্র মাদক, জুয়া ও যাত্রার নামে নগ্ন নৃত্যের আসর বসায়। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার কুন্দেরপাড়া স্কুল মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কারণে ওই চক্রটি ক্ষিপ্ত হয়ে স্কুল ভবনে আগুন দেয়া হতে পারে ।
কামারজানী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ব্রহ্মপুত্র নদী তীরবর্তী চরাঞ্চল কুন্দেরপাড়ায় প্রতিষ্ঠিত গণ উন্নয়ন একাডেমী (হাইস্কুলটি) সুষ্ঠভাবে পরিচালিত হয়ে আসছিল। নারী শিক্ষার মান উন্নয়ন ও আবাসিক সুবিধা থাকায় প্রতিষ্ঠানটি চরাঞ্চলের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছিল। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এম আবদুস সালাম জানান, বিদ্যালয়টি ক্লাস শুরু করতে নতুন করে আবার ভবন নিমার্ণ করতে হবে। এজন্য সময়ের প্রয়োজন। শিক্ষার্থীরা এখন লেখাপড়া কোথায় করবে তা নিয়ে আমরা দুঃশ্চিন্তায় । এদিকে খবর পেয়ে আজ শুক্রবার সকাল ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছামছুল আজম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীয়া ফেরদৌস জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুড়ে যাওয়া হাইস্কুল পরিদর্শন করা হয়েছে। আগুনের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন ।