
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শপথ নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে শহরের লেকপাড় পার্কে শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ শপথ বাক্য পাঠ করেন। গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক মনোজ সাহা শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন চাই এ পরিচ্ছন্ন অভিযান শুরু করে ।
আজ শনিবার সকালে শহরের হেলিপ্যাড থেকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ১শ’ ২০ শিক্ষার্থী ৫টি গ্রুপে বিভক্ত হয়ে শহর পরিচ্ছন্ন অভিযান শুরু করে। তারা হেলিপ্যাড থেকে পুলিশ লাইন মোড় পর্যন্ত অন্তত ৩ কি. মি. এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এ ছাড়া তা শহরের লেকপাড় পার্ক পরিচ্ছন্ন করে ।
পরিচ্ছন্নকর্মী গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী বন্ধন সরকার, একই বিশ্ববিদ্যালয়ে এসইসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সৈয়দা শরমিলা বলেন, আমরা শহর পরিষ্কার করেছি। সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে মানুষকে সচেতন করেছি। এমন কি ময়লা ডাস্টবিনে ফেলার আহ্বান জানিয়েছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শপথ নিয়েছি ।
স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন চাই এর সমন্বয়কারী মো. মোস্তাজহার বিল্লাহ বলেন, আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ও থুথু ফেলব না। উম্মুক্ত স্থান, বনাঞ্চল, জলাশয়ে পরিবেশ নষ্ট হয় এমন কাজ করবো না। অমরা সবাই কাজ করার পাশাপাশি পরিচ্ছন্ন সুন্দর বাংলাদেশ গড়তে শপথ নিয়েছি ।