News71.com
 Bangladesh
 04 Feb 17, 07:15 PM
 284           
 0
 04 Feb 17, 07:15 PM

টেকনাফে বস্তা থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।।     

টেকনাফে বস্তা থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।।      

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে দুই বস্তা থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। তবে দুটি ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে সাবরাং ইউনিয়নের লাফারঘোনাসংলগ্ন ৫ নম্বর স্লুইসগেটের একটি চিংড়িখামার ও সকাল ছয়টার দিকে হোয়াইক্যং নয়াপাড়া এলাকা থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, ভোররাতে উপজেলার সাবরাং ইউনিয়নের লাফারঘোনা একটি চিংড়িখামার এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নিয়ে আসা হবে—এমন সংবাদ পায় বিজিবি। এ সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে অভিযানে গেলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বেড়িবাঁধের ওপর একটি ইয়াবার বস্তা অন্ধকারের ফেলে রেখে পালিয়ে যায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বিজিবি সদস্যরা ওই বস্তা উদ্ধার করলে সেখান থেকে ৮০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

আজ সকালেই হোয়াইক্যং হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) চন্দন সিনহার নেতৃত্বে নয়াপাড়া এলাকায় সন্দেহজনক একটি অটোরিকশাকে গতিরোধ করা হলে চালক গাড়িটি ফেলে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যান। ওই গাড়িতে তল্লাশি চালালে একটি বস্তা থেকে ৩২ হাজার ৪০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। ইয়াবা পরিবহনের দায়ে অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ইয়াবাগুলো নষ্ট করা হবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, হাইওয়ে পুলিশের উদ্ধার করা ইয়াবার ঘটনায় মামলাপ্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন