
নিউজ ডেস্কঃ জাতীয় পতাকাবাহী বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ার লাইন্স বিগত দুই অর্থ বছরে ছয় শ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানের ২০১৫-১৬ অর্থবছরে কর পরবর্তী নীট মুনাফা অর্জন করেছে ২৭৬ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে কর পরবর্তী মুনাফার পরিমান ছিল ৩২৪ কোটি টাকা এবং ২০১৫-১৬ অর্থ বছরে বিমান রাষ্ট্রীয় কোষাগারে ৩১০ কোটি টাকা রাজস্ব কর প্রদান করেছে ।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে বিমান যাত্রী বহন করেছে ২৩ লাখ ১৮ হাজার। যা আগের অর্থবছরে ছিল ২০ লাখ ২০ হাজার। কার্গো পরিবহন খাতে বিমান ২০১৫-১৬ অর্থ বছরে ৪০ হাজার ৯ শত মেট্রিক টন মালামাল পরিবহন করেছে। যা পূর্ববর্তী অর্থবছরের চেয়ে সাত শতাংশ কম। মূলত গত ৮ মার্চ যুক্তরাজ্য সরকারের কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা জারি করার কারণে কার্গো পরিবহন তুলনামূলক কিছুটা কম হয়েছে ।
বিমানে গ্রাহকের আস্থা এবং যাত্রী সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ২০১৩-১৪ অর্থবছরে বিমান যাত্রী পরিবহন করেছিল ১৫ লাখ ৭১ হাজার। ২০১৪-১৫ অর্থবছরে ২০ লাখ ২০ হাজার এবং ২০১৫-১৬ অর্থবছরে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩ লাথ ১৮ হাজার। অর্থাৎ দুই বছরের ব্যবধানে বিমানে যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় ৮ লাখ।