
নিউজ ডেস্কঃ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন। নিহতের নাম আফরোজা বেগম ( ৪৫ )। তিনি শৈলকুপা মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ও হরিহরা গ্রামের সাইফুদ্দিন মানিকের স্ত্রী।এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। আজ রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের দোকান ঘর নামক স্থানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে এ দুর্ঘটনাটি ঘটে। ওই বাসে যাত্রী ছিলেন আফরোজা বেগম ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান, গড়াই পরিবহনের বাসটি খুলনা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। ঝিনাইদহ সদর উপজেলা দোকান ঘর নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেল বাসের সামনে চলে আসে। মোটরসাইকেলটিকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন, ফায়ার ব্রিগেড ও পুলিশ আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসারত অবস্থায় আফরোজা মারা যান ।