
নিউজ ডেস্কঃ নিরাপত্তাবিষয়ক সম্মেলনে অংশ নিতে চলতি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি যাবেন। আগামী ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মিউনিখ সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন এ সরকারি সফরের প্রস্তুতি এগিয়ে চলছে। এই সম্মেলন উপলক্ষে বিশ্বনেতারা মিউনিখে সমবেত হবেন ।
জানা গেছে, মিউনিখের হোটেল বেয়াররিখটার হফে আগামী ১৭ থেকে ১৯শে ফেব্রুয়ারি ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে ৫ শতাধিক আলোচক সম্মেলনে বক্তব্য দেবেন ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ট্রান্স আটলান্টিক সম্পর্ক, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা, ইউক্রেন সংকট ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক, সিরিয়া যুদ্ধ, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিসহ বৈশ্বিক স্বাস্থ্য ও জলবায়ুগত নিরাপত্তার ঝুঁকি সম্মেলনের অন্যতম এজেন্ডায় রয়েছে ।
ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রী, ন্যাটো মহাসচিব, পোল্যান্ড, ইউক্রেন ও আফগানিস্তানের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, নরওয়ে, হাঙ্গেরি ও ইরাকের প্রধানমন্ত্রী, চীন, সৌদি আরব এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীসহ আরো অনেক নেতা সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন ।