
নিউজ ডেস্কঃ খুলনায় বাস চাপায় সোহাগ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বাস খাদে পড়ে আহত হয়েছেন ১০-১২জন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া ব্রিজের পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ যশোরের কেশবপুর উপজেলা সদরের অমেদ আলী মোড়লের ছেলে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে চুকনগর থেকে খুলনা-সাতক্ষীরা রুটের একটি যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো-জ-১১-০১০৬) খুলনা অভিমুখে ছেড়ে যায়। বাসটি খর্ণিয়া ব্রিজের পশ্চিম প্রান্তের টার্নিং পয়েন্টে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে পড়ে গিয়ে মোটরসাইকেল আরোহী সোহাগ ঘটনাস্থলেই নিহত হন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসের ১০-১২ জন যাত্রী আহত হন। এদের মধ্যে চারজনের অবস্থা অশংকাজনক। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। চুকনগর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই সাফুর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।