
নিউজ ডেস্কঃ প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে একটি প্রাইভেটকারের গতিরোধ করে মা ও মেয়েকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সৌভাগ্যক্রমে মা ও মেয়ে প্রাণে বেঁচে গেলেও তারা দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, শাহানা করীম (৫০) ও রেজওয়ানা করীম (২৮)। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছেন। ওই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে আশপাশের ভবনের সিসি ক্যামেরা দিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের জসিম উদ্দিন রোডের ফ্রেন্ডস ক্লাবের মাঠের সামনে একটি প্রাইভেটকারকে দুইটি মোটরসাইকেলে করে আসা চার যুবক গতিরোধ করে। বাধ্য হয়ে ওই প্রাইভেটকারের চালক গাড়িটি থামান।
গাড়ি গতিরোধের কারণ জানার জন্য গাড়িতে থাকা মা মেয়ে বাইরে বের হন। ওই সময় এক যুবক কোনো কথা না বলে তাদের দুইজনকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে শাহানা করীমের বাম হাতে এবং মেয়ে রেজওয়ানা করীমের উরুতে এক রাউন্ড করে গুলি লাগে। তখন তারা দুইজন চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তারা গাড়ির পেছনের সিটে রাখা একটি টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত গতিতে চলে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। আহত শাহানা করীম সাংবাদিকদের জানান, সকাল ১১টায় তারা মা ও মেয়ে জসিম উদ্দিন রোডের যমুনা ব্যাংকের একটি শাখায় টাকা উত্তোলন করেন। ওই ব্যাংকে ৫ লাখ টাকা উত্তোলন করার পর ব্যক্তিগত কাজের জন্য তাদের নিজস্ব গাড়িতে করে ৩ নম্বর সেক্টর থেকে ৮ নম্বর সেক্টরে যাচ্ছিলেন। ওই সময় দুইটি মোটরসাইকেলে করে চার যুবক তাদের গাড়ির গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। আহত রেজওয়ানা করীম জানান, ওই চার যুবকের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে হবে। তাদের পরনে ছিল জিন্স প্যান্ট ও টি শার্ট। উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের সামনেই রয়েছে ফ্রেন্ডস ক্লাবের মাঠ। মাঠের মধ্যে ওই সময় কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। কিছু লোক বসে গল্পও করছিল। এছাড়াও ওই রোডে সব ধরনের যান চলাচল করে থাকে। ছিনতাইকারীদের গুলির শব্দ শুনে সাহস করে কেউ দুর্বৃত্তদের ধরার চেষ্টাতো দূরের কথা আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে। এতে নির্বিঘ্নে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে ৪ নম্বর সেক্টরের রাস্তা দিয়ে পালিয়ে যায়। উত্তরার ১২ নম্বর সেক্টরের নিজস্ব ফ্ল্যাটে মা ও মেয়ে পরিবার নিয়ে থাকেন। আহত শাহানা করীম গৃহিণী হলেও তার মেয়ে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, পুলিশের প্রাথমিক তদন্তে মনে হয়েছে যে, ওই ছিনতাইয়ের ঘটনাটি একটি পরিকল্পিত ঘটনা। দুর্বৃত্তরা অনেকক্ষণ ধরে ছিনতাইয়ের জন্য রেকি করছিল। মা ও মেয়ে ব্যাংক থেকে বের হওয়ার পরেই দুর্বৃত্তরা তাদের অনুসরণ করে। পরে গাড়ি গতিরোধ করে তাদের দুইজনকে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি জানান, ওই ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।