
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরও ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা সদরের পশ্চিমপাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানান নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর । আটককৃতরা হলেন উপজেলা সদরের পশ্চিমপাড়ার আহাম্মদ আলী (৪৫), মো. তাবারক হোসেন (৪৫) ও মো. সাদ্দাম হোসেন (২৮)। ওসি মো. আবু জাফর বলেন, ২০১৬ সালের ৩০শে অক্টোবর হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজে আটক ব্যক্তিদের দেখা গেছে। তাদের বিরুদ্ধে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে ।
প্রসঙ্গত, ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত পৃথক ৮টি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ১১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।