
নিউজ ডেস্কঃ শাহবাগে সাংবাদিক নির্যাতনের রেশ না কাটতেই খুলনার পাইকগাছায় আরেক সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করেছেন ছাত্রলীগের কর্মীরা। আজ সোমবার দুপুরে পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত সাংবাদিক আ. রাজ্জাক রাজের অবস্থা আশঙ্কাজনক । পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সকালে পাইকগাছা উপজেলা সদরে মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিবাদ-সমাবেশ আহ্বান করে। ওই সমাবেশ থেকে বাড়ি ফিরছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের প্রতিনিধি আ. রাজ্জাক রাজ ।
দুপুর ২টার দিকে উপজেলার রামনগর মানিকতলা বাজার সংলগ্ন এলাকায় আসলে কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মধু হালদারের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ও কুপিয়ে জখম করে চলে যায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা রাজকে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে । হাসপাতালের কর্মরত চিকিৎসক শাকিল মেহেদী রেজা জানান, তার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম আজিজুর রহমান জানান, সাংবাদিক রাজ্জাকের ওপর হালার ঘটনা দুঃখজনক। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে ।
পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পূর্ব শত্রুতার জেরে মধু হালদারের নেতৃত্বে রাজ্জাকের ওপর হামলা করা হয়। আহত রাজ্জাককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন কেউ এই বিষয়ে মামলা দিতে আসেনি। মামলা দেয়া হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ।