News71.com
 Bangladesh
 07 Feb 17, 02:19 PM
 234           
 0
 07 Feb 17, 02:19 PM

হাইকোর্টের আদেশে রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত ।।

হাইকোর্টের আদেশে রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ স্থগিতাদেশ দেন ।

স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার জানান, আমরা মহামান্য হাইকোর্টের আদেশের কপি পেয়েছি এবং সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা গেছে, উপজেলা যাচাই-বাছাই কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে জামুকার ডাইরেক্টর জেনারেলসহ ৭ জনকে বিবাদী করে আদালতে কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে গত ৫ই ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী ।

এর আগে গত ৪ই ফেব্রুয়ারি বাগমারা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটিতে জেলা কমান্ডার ফরহাদ আলী, উপজেলা কমান্ডার সাহার আলী, জামুকা প্রতিনিধি আব্দুল গাফ্ফারের নাম থাকলেও পরে তাদের বাদ দিয়ে আলী খাজা এম এ মজিদ, মতিউর রহমান টুকু ও খয়বর আলীর নাম সংযুক্ত করে যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠানো হয়। ওই দিন কয়েকশ মুক্তিযোদ্ধা নিজ নিজ তথ্য প্রদানের জন্য উপজেলা চত্বরে সমবেত হন। প্রজ্ঞাপন না মেনে জেলা কমান্ডার, উপজেলা কমান্ডার ও জামুকা প্রতিনিধিকে বাদ দিয়ে অবৈধ ভাবে কমিটি গঠন করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন উপজেলা কমান্ডার সাহার আলী। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুস সামাদ। শুনানি শেষে হাইকোর্ট ৩ মাসের জন্য স্থগিতাদেশ দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন