
নিউজ ডেস্কঃ সরকারি কোষাগারে অর্থ জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে মুখলেছুর রহমান নামে হবিগঞ্জ বন বিভাগের একজন রেঞ্জ কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন—দুদক। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আটকের পর হবিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
মামলার অভিযোগে জানা গেছে, হবিগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মুখলেছুর রহমান এ জেলায় যোগদানের আগে মৌলভীবাজারের জুরী রেঞ্জ কর্মকর্তা ছিলেন। এ সময় তিনি বন বিভাগের বিভিন্ন খাতের আয় থেকে পাওয়া ৭ লাখ ৩০ হাজার ৪৪২ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরবর্তী সময় হবিগঞ্জে বদলি হয়ে চলে আসেন।
এ অভিযোগে গত বছরের ১৮ এপ্রিল মুখলেছুর রহমানের বিরুদ্ধে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ ২ নম্বর আইনের ৫(২) ধারায় একটি মামলা হয়। মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে দুদক প্রমাণ পায়, বন কর্মকর্তা মুখলেছুর রহমান এ আত্মসাতের সঙ্গে জড়িত। আজ বেলা তিনটার দিকে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে দুদক মুখলেছুর রহমানকে আটক করে। হবিগঞ্জ মডেল থানায় আজ বিকেলেই তাঁকে সোপর্দ করা হয়। আটক হওয়া ব্যক্তির বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার রায়েরপাড়া গ্রামে।
হবিগঞ্জ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে সরকারি অর্থ আত্মসাতের সঙ্গে বন কর্মকর্তা মুখলেছুর রহমানের জড়িত থাকার বিষয়টি প্রমাণ পেয়ে দুদক তাঁকে আটক করে।