
নিউজ ডেস্কঃ সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত মোহাম্মদ হাছান ইমাম খাঁন। জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ মঙ্গলবার তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ।
এ সময়ে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মোঃ শাহাব উদ্দিন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোঃ আব্দুর রাজ্জাক এবং ফখরুল ইমাম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মোহাম্মদ হাছান ইমাম খাঁন জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে যোগদান করেন। চলতি বছর গত ৩১শে জানুয়ারি টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় ।
এতে নৌকা প্রতীক নিয়ে হাসান ইমাম এক লাখ ৯৩ হাজার ৫৪৭ ভোট পেয়ে জয়লাভ করেন। আবদুল লতফি সিদ্দিকীর পদত্যাগে শূন্য হওয়া এ আসনে উপ-নির্বাচনে অপর দুই প্রার্থীর মধ্যে এনপিপির ইমরুল কায়েস আম প্রতীকে এক হাজার ৬৯৬ ভোট এবং বিএনএফের আতোয়ার রহমান খান টেলিভিশন প্রতীকে পান এক হাজার ৩২ ভোট ।