
নিউজ ডেস্কঃ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, নবগঠিত নির্বাচন কমিশনকে (ইসি) মূল্যায়ন না করে কোনো পক্ষের মন্তব্য করা উচিত হবে না। ইসির প্রধান কাজ হবে জনগণের আস্থা অর্জন করা, কোনো দলের নয়। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের পালস সেন্টারে একটি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার ব্যবস্থা ও সেবা এবং ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গঠনে নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লার লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা অংশ নেন।
বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন গঠনে দরকার স্থায়ী আইনি কাঠামো। তিনি বলেন, অতীতে অনেক নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ডের কারণে মানুষের কাছ থেকে দূরে চলে গেছে। যে কারণে আজ নির্বাচন কমিশন নিয়ে সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। সুজনের কক্সবাজার জেলা শাখার সভাপতি এম এ বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুজনের কক্সবাজারের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।