
নিউজ ডেস্কঃ রাজধানীতে মৎস্য ভবনের সামনে ছাত্রদলের মিছিলে পুলিশের সঙ্গে কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। পুলিশ এ সময় মিছিল থেকে ছাত্রদলের ২০ জন কর্মীকে আটক করে। তাঁদের রমনা ও শাহবাগ থানায় রাখা হয়েছে। জানা গেছে, আজ ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুটি মামলার শুনানিতে উপস্থিত হওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। খালেদা জিয়ার আদালতে যাওয়ার পূর্বনির্ধারিত সময় অনুসারে মৎস্য ভবনের সামনে মিছিল বের করে ছাত্রদল। পুলিশ এ সময় মিছিলকারীদের ধাওয়া দেয়। একপর্যায়ে মিছিলকারীরা কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ছাত্রদলের ২০ কর্মীকে আটক করে। দুজনকে শাহবাগ থানায় ও বেশির ভাগ কর্মীকে রমনা থানায় আটক রাখা হয়েছে।
এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকের কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি রমনা থানায় যোগাযোগ করতে বলেন। তিনি জানান, আটক কর্মীদের বেশির ভাগ রমনা থানায় আছেন। রমনা থানায় যোগাযোগ করলে দায়িত্বরত কর্মকর্তা মোজাফফর বলেন, এখানে ২০ জনের মতো আটক আছেন। আটক কর্মীদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার। তিনি বলেন, মৎস্য ভবনের সামনে থেকে মিছিলকারীদের আটক করা হয়।