
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন শিল্পের বিকাশের জন্য দেশে নতুন আরো ৬৮টি স্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার থানার পাগলা এলাকায় ‘মেরি এন্ডারসন ভাসমান রোস্তেরাঁর’ স্থানে ‘সোনারগাঁও ভাসমান রেস্তোরাঁ ও বার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরীর সভাপতিত্বে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব এস এম গোলাম ফারুক, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক মাধব রায়, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতাহার আলী প্রমুখ বক্তব্য রাখেন ।
রাশেদ খান মেনন বলেন, প্রতিটি পর্যটন কেন্দ্রের জন্য মডেল তৈরি করে অবকাঠামোগত কাজ শুরু করা হবে। এরই মধ্যে ১২টি স্থানে কাজ শুরু হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে একজন পর্যটকের জন্য ১১ জন মানুষের কর্মসংস্থানেরও সুযোগ হবে। তিনি বলেন, ঐতিহ্যবাহী মেরি এন্ডারসন ভাসমান রেস্তোরাঁ গত দুই বছর আগে আগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার পর সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছিল। কিন্তু অতিরিক্ত ব্যয়বহুল হওয়ার কারণে সেই সিদ্ধান্ত বাতিল করে সোনারগাঁও ভাসমান রেস্তোরাঁ হিসেবে পূনর্বাসন করা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, অযত্ন অবহেলায় নদীমাতৃক এই বাংলাদেশের নদীর নাব্যতা ও সৌন্দর্য হারিয়ে গেছে ।