
নিউজ ডেস্কঃ যশোরকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন যশোর-৩ (সদর) আসনের সরকারদলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। গতকাল সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। একইসঙ্গে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, বিমানবন্দর ও স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করারও দাবি জানান তিনি ।
নির্বাচনী এলাকায় যশোরের উন্নয়নে সরকারের কার্যক্রমের চিত্র তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ‘ব্রিটিশ ভারতের প্রথম জেলা ও দ্বিতীয় পৌরসভা যশোর দীর্ঘকাল ধরে অবহেলিত থাকায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রীর কারণে তা পুষিয়ে নেয়া সম্ভব হয়েছে। এটা বাংলাদেশের প্রথম জিডিটাল জেলা।’ বর্তমান সরকারের আমলে এই জেলায় শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক, যশোর মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাস এবং ক্যাম্পাসে যাওয়ার পথ নির্মাণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শামসুল হুদা স্টেডিয়ামকে আধুনিকায়ন করা, বিমান বন্দরের ব্যাপক উন্নয়ন ও ভৈরব নদকে খনন করে প্রবহমান নদে রূপান্তরের প্রচেষ্টা, যশোর-খুলনা মহাসড়ক উন্নতকরণ, যশোর এমএম কলেজে একাধিক হোস্টেল নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং ক্যাম্পাস সংলগ্ন কলেজিয়েট স্কুল নির্মাণ, জেলা প্রশাসকের কার্যালয় ও কোতোয়ালী থানার সৌন্দর্যকরণ, জজ কোটের্র জন্য আধুনিক ভবন নির্মাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫০টির বেশি রাস্তা নির্মাণ, ১০ হাজার নতুন গ্রাহককে বিদ্যুত্ সুবিধা দেওয়া, মাতৃস্বাস্থ্যের জন্য ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, ৪১টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ ও পুরাতন ভবনে সংস্কার কাজ আমরা ইতোমধ্যে করতে পেরেছি। কিছু কিছু কাজ এখনও চলমান রয়েছে ।’