
নিউজ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যার ঘটনায় ২ ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার রাতে নিহতের বড় ভাই নয়ন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বগুড়ার শিবগঞ্জ বিহার ইউনিয়নের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিদুল ইসলামকে ১ নম্বর, রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুকে ২ নম্বর, জলাশয়ের ভুয়া মালিক আবু তৈয়বকে ৩ নং করে মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।
ফিরোজ আহমেদ রিজু বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীর পার্টির এমপি শরিফুল ইসলাম জিন্নাহর শ্যালক বলে জানা গেছে। এদিকে গতকাল সোমবার সকালে বিহার ইউনিয়নের আলীগ্রাম থেকে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল শাহীন মিয়াকে গ্রেফতার করেছে। এনিয়ে ৩ জনকে গ্রেফতার করা হলো। তাদেরকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন জানান, উত্তম কুমার মালী এবং বিপ্লব দাস ও শাহীন মিয়া তিনজনই এজাহারভুক্ত আসামি। তাদেরকে আদালতে মাধমে জেল হাজতে পাঠানো হয়েছে। বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতার পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ, গত রোববার রাতে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদীঘি-দবিলা এলাকায় ১০০ একর আয়তনের একটি জলাশয়ের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২ ইউপি চেয়ারম্যানের সমর্থকদের ছুরিকাঘাতে যুবলীগ নেতা ওমর ফারুক নিহত হয়।